কোম্পানীগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীর মিষ্টি পানিতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০), একই গ্রামের নজরুল ইসলাম স্বপন।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৩ জন পর্যটক আজ সকালে ঘুরতে মুছাপুর ক্লোজারে আসে। পরে তাদের মধ্যে থেকে সাতজন ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে তিনজন তলিয়ে গিয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিন পর্যটকের কোন সন্ধান পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর