বিশ্ব বঙ্গবন্ধুর অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করে: ইউনেস্কো মহাপরিচালক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো এর মহাপরিচালক মিজ অদ্রি আজুলে বলেছেন, জনগণের অধিকার ও মুক্তির প্রশ্নে বিশ্ব বঙ্গবন্ধুর অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করে।

তিনি বলেন, আমাদের সংস্থা অন্তর্ভূক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক সমাজের আকাঙ্খার কথা বলে- যে আকাঙ্খা বঙ্গবন্ধু ব্যক্ত করেছিলেন ১৯৭১ সালের ৭ই মার্চে তার ঐতিহাসিক ভাষণে। যা এখন ইউনেস্কো মেমোরি অব ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্ত।

আজুলে আরো বলেন, এ বছর ইউনেস্কো সারা বিশ্বের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে। একটি ন্যায্যতর বিশ্বে সকল বৈচিত্র্যের নৃগোষ্ঠী, সংস্কৃতি, ভাষা ও ধর্মের জনগণের সম্মান প্রতিষ্ঠায় তাঁর স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এটা এক অনন্য সুযোগ।

এটা নিশ্চিত বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের জন্য বিপুল উৎসাহ যোগাবে এবং বিশ্বকে নতুনভাবে সাজানোর কাজে সহায়তা করবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর