পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদের সাথে ইউটিউব চ্যানেলে কাজ করা শিপ্রা দেবনাথ এবার ফেসবুকে তারই আপলোড করা আলচিত ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। আজ (শুক্রবার) রাতে শিপ্রা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ বুধবার (১২ আগস্ট) ‘জাস্ট গো’ ফেইসবুক পেজে এক ভিডিও বার্তায় এসে তাদের ভ্রমণভিত্তিক ইউটিউব চ্যানেলের কার্যক্রম টিকিয়ে রাখার আহ্বান জানান। এরপর এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয় শিপ্রাকে। যার প্রেক্ষিতে তিনি ওই ভিডিও মুছে দিয়েছেন বলে জানান।
শিপ্রা জানান, ‘যখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় নকল জাস্ট গো নামে ডকুমেন্টারি তৈরি করে অনেকে প্রচার করছেন, তখন ভাবলাম আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে। তখন চিন্তা করলাম আসল তথ্য সবাইকে জানাই। সেই জায়গা থেকেই ভিডিও আপলোড করেছিলাম। যখন দেখলাম মানুষ এটা ভালোভাবে নেয়নি, তখন ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা রিমুভ করে দিয়েছি। অনেকে ধারণা করেছিল, এটা আমার ব্যবসা ছিল। অনেকে আমাকে ভুল বুঝেছিল। তাই তাদের সম্মান জানিয়ে ওই ভিডিও সরাতে খুব অল্প সময় নিয়েছি।’
উল্লেখ্য, ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।
বার্তাবাজার/এসজে