সিনহা হত্যা : চার পুলিশসহ ৭ জন র‌্যাবের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তার বোনের দায়ের মামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জনকে রিমান্ডে নিয়েছে। তবে রিমান্ডে নেয়াদের মধ্যে নেই ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত।

শুক্রবার (১৪ আগস্ট) সোয়া ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে র‍্যাব সদস্যদের একটি গাড়ি বহরে তাদের নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।

র‌্যাব হেফাজতে রিমান্ডে নেয়া আসামিরা হলেন, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং পুলিশের দায়েরকৃত মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

কারাগারের সংশ্লিষ্ট সূ্ত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালেও এসব আসামিদের রিমান্ডে নিতে র‍্যাবের একটি গাড়ি বহর কক্সবাজার জেলা কারাগারে এসেছিল। তবে শেষ পর্যন্ত আসামিদের ছাড়াই ফিরে যায়।

জেল সুপার মোকাম্মেল জানান, আজ শুক্রবার সকালে একটি গাড়ি বহর কারাগারের পৌঁছানোর পরপরই অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রিমান্ড মঞ্জুর হওয়া আসামি ৪ পুলিশ সদস্য এবং ঘটনায় পুলিশের দায়ের মামলার ৩ সাক্ষীকে র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, রিমান্ডে নেয়া সাত জনের মধ্যে মধ্যে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত নেই।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর