যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২ গ্রুপের কিশোরদের মধ্যে কোনও প্রকার সংঘর্ষের ঘটনা ঘটেনি। কেন্দ্রের কর্মকর্তারা, আনসার সদস্যরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের দফায় দফায় বেধড়ক পিটিয়েছে। যার কারণে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের(বালক) অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
গতকাল সন্ধ্যায় নিহতদের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হচ্ছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও শেরপুর জেলা বগুড়া এলাকার বাসিন্দা রাসেল হোসেন ওরফে সুজন (১৮)। তবে, রাসেল হোসেনের পুরো ঠিকানা এখনও পাওয়া যায়নি।
হাসপাতালে ভর্তি কিশোরদের দাবী সংঘর্ষ নয়, বরং কর্মকর্তা ও আনসার সদস্যদের বেধড়ক মারপিটে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দীদের হতাহতের ঘটনা ঘটেছে।
বিষয়টি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাও প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।
এছাড়া ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর বিষয়টি জানা গেছে বলেও নিশ্চিত করেছেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম।
বার্তাবাজার/কে.জে.পি