বন্যা-অতিবৃষ্টিতে বেড়েছে কাচা মরিচ ও শাকসবজির দাম। বাজারে এক মাসের বেশি সময় ধরে কাঁচা মরিচের আকাশচুম্বী দাম। ভালো মানের প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। শুধু কাঁচা মরিচ নয়, বৃষ্টি ও বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে সবজির দামেও।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুর নতুন বাজার, উত্তর পীরেরবাগ কাঁচাবাজার ও মিরপুর ১ নম্বর কাঁচাবাজার ঘুরে চড়া দামে সবজি বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, বন্যায় দেশের অনেক এলাকার মরিচখেত তলিয়ে গেছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, ঝিঙে, কাঁকরোল, বেগুন, পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। প্রতি কেজি করলা ও ঢ্যাঁড়সের দাম চাওয়া হচ্ছে ১০০ টাকা। চিচিঙ্গা, ধুন্দুল, শসার কেজি ৬০ টাকা। প্রতিটি লাউ ৬০ টাকা ও জালি ৫০ টাকা। বিক্রেতারা বলছেন, যেসব এলাকায় সবজি চাষ হয়, বিশেষ করে উত্তরাঞ্চলের বেশির ভাগ সবজিখেত বৃষ্টি ও বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। আর এই সময়টায় গ্রীষ্মকালীন সবজির মৌসুম শেষের দিকে বলে সরবরাহও কম থাকে। ফলে দাম চড়া।
বাজারে আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়, যা কোরবানির ঈদের আগে ছিল ১৪০ টাকা। কল্যাণপুর নতুন বাজারের মুদিদোকান কামাল স্টোরের বিক্রেতা মোকাদ্দেস হোসেন বলেন, আদার দাম হঠাৎ করেই বেড়েছে। ঈদের পরে ১৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। দুই দিন ধরে ২০০ টাকা করে বিক্রি হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি