বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আগামী ১৫ আগস্ট দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বিএনপি। বিগত ৩ বছর ধরে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনকে উপলক্ষ করে দোয়া মাহফিলের আয়জন করে আসছে দলটি। সারা দেশের দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের এ আয়োজন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতা কর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্দশার হাত থেকে রেহাই পেতে আগামী ১৫ আগস্ট শনিবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এ জন্য ঢাকা মহানগরসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলের নেতা কর্মীদের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে।
৭৬ বছরে পা দিচ্ছেন খালেদা জিয়া। তবে বিএনপি প্রকাশিত বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার জন্মদিনের বিষয়টি উল্লেখ্য করা হয়নি।
উল্লেখ্য, ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করে আসছে বিএনপি। ২০১৫ সাল পর্যন্ত এটি হয়ে আসছিল। ওই সময়ে ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন খালেদা জিয়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করত।
বার্তাবাজার/এসজে