বগুড়ার ধুনটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছেন তার ছেলেরা। এ ঘটনায় বৃদ্ধ বাবা তার ছেলে নায়েব আলী, সাহেব আলী ও জাহিদুলসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের ছকুমুদ্দিন তালুকদারের চার ছেলে। তার ছেলেরা সবাই কর্মজীবি। কিন্ত চার ছেলে বাবাকে ভরণপোষন করেন না। বাধ্য হয়ে তিনি প্রায় ২০ বছর আগে নিজ বাড়ি ছেড়ে একই গ্রামে তার মেয়ে নাছিমা খাতুনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে মেয়ে ও জামাই ফরিদুল ইসলাম তার দেখভাল করেন। পাশাপাশি তিনি রাসায়নিক সারের ব্যবসায় করেন।
এ অবস্থায় দীর্ঘদিন ধরে ছুকুমুদ্দিনের ৫৫ শতক জমি লিখে নিতে চান তার তিন ছেলে। কিন্ত বাবা ছেলেদের নামে জমি লিখে দিতে রাজি হননি। এতে ছেলেরা ক্ষুদ্ধ হয়ে ১৫ দিন আগে বাবার ৫৫ শতক ফসলি জমি বেদখল করেন। তাতেও ছেলেরা ক্ষ্যান্ত হননি। বাবার নিকট থেকে ওই জমি লিখে নেওয়ার জন্য বার বার চাপ দিতে থাকেন।
এক পর্যায়ে ১১আগষ্ট সকালের দিকে রেজিষ্ট্রী অফিসে নিয়ে জমি লিখে নেওয়ার উদ্দেশ্যে মারপিট করে ছকুমুদ্দিনকে জোরপূর্বক ভ্যানে উঠানোর চেষ্টা করেন তিন ছেলে। এ সময় ছেলেদের নির্যাতনের শিকার বাবা চিৎকার করায় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছেন। তারা ছেলেদের হাত থেকে আহত ছকুমুদ্দিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ছকুমুদ্দিন তার তিন ছেলেসহ ৫জনের বিরুদ্ধে বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে বৃদ্ধর ছেলে জাহিদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, বাবা তার সম্পতি থেকে আমাদের তিন ভাইকে বঞ্চিত করেছেন। এ বিষয় নিয়ে বাবার সাথে আমাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় বাবা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। তাকে মারপিটের ঘটনা সঠিক না।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, ছেলে কর্তৃক বৃদ্ধ বাবাকে মারপিটের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতার প্রমান পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেএস/বার্তাবাজার