ঢাকার ধামরাইয়ে সরকারি চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে ধামরাই থানার উপ-পরিদর্শক মোঃ রিপন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাল হোসেনের ছেলে মোঃ আপন আহম্মেদ (৩২) এবং সুয়াপুর ইউনিয়নের মোঃ আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮)।
এর আগে গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে সকালে অভিযুক্ত দুইজনের নামে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেকার যুবকদের সরকারি চাকরির প্রলোভন দিয়ে কয়েক ধাপে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
এব্যাপারে, ধামরাই থানার উপ-পরিদর্শক মোঃ রিপন আহমেদ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় চাকরি দেয়ার নামে এই চক্রটি অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। আটককৃতদের নামে প্রতারণা মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
কেএস/বার্তাবাজার