যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের সংঘর্ষে নিহত ৩

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংশোধনের জন্য বন্দি থাকা কিশোর অপরাধীদের দু’গ্রুপের সংঘর্ষে ৩ কিশোরের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর। আজ (বৃহস্পতিবার) দুপুরে যশোরের শহরতলী এলাকার পুলেরহাটে অবস্থিত ওই সংশোধনকেন্দ্রে এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টার দিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।

সংঘর্ষে নিহতরা হলেন, বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর গ্রামের আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার তালিপপুর পূর্বপাড়ার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭) ও খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮)।

নিহতদের মধ্যে নাঈম হোসেন ধর্ষণ এবং পারভেজ হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ছিল।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রে যান যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেনসহ পুলিশের কর্মকর্তারা। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ওই কেন্দ্রে অবস্থান করছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর