ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে দফায় দফায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছে কমপক্ষে ৮ জন। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০জনকে আটক করেছে।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে দু’পক্ষের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, পরমেশ্বরদী গ্রামের কুদ্দুস আকনের সাথে ওই গ্রামের মান্নান শেখদের দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনার জের ধরে বুধবার বিকেলে মান্নান শেখ (৬০), দেলোয়ার শেখ (৫০), আনোয়ার শেখ (৫৫), সুমন শেখ (২৫) সহ ১৫ থেকে ২০জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কুদ্দুস আকনের পক্ষের সালাম সিকদার, নজরুল ফকির, ইকরাম আকন, ইউসুব মোল্যার, জব্বার মুন্সির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হামলায় আহত সালাম সিকদার (৮০), জব্বার মুন্সি, ইকরাম আকন, আফজাল সিকদার, সাদ্দাম মোল্যা, বিল্লাল আকন, সোহরাব আকন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। গুরুতর আহত সালাম সিকদারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ বুধবার সন্ধ্যায় মান্নানের ছেলে (একাধিক মামলার আসামি) সুমন শেখসহ ১০জনকে আটক করে। দুই পক্ষই থানা লিখিত অভিযোগ দিয়েছে।
কুদ্দুস আকন অভিযোগ করে বলেন, ভাঙচুর করে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় একটি গরু নিয়ে যায় এবং দুই গাভীকে মারপিট করে। পরে পুলিশের সহায়তায় গরুটি ফেরত পায় আকন গ্রুপ।
বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে
দুই পক্ষের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং ঘটনাস্থল থেকে ১০জন আটক করে।’
বার্তা বাজার / ডি.এস