ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাভারের পূর্ব রাজাশন ও কৃষ্ণপুর এলাকায় সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে একটি মশার কয়েল কারখানার অবৈধ সংযোগ সহ মোট ৫০টি বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সরেজমিন দেখা যায়, সাভারের কৃষ্ণপুর এর ধরেন্ডা এলাকায় আতিক এন্টারপ্রাইজ নামের একটি মশার কয়েল তৈরীর কারখানা অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে আসছিলো। এসময় তিতাস কর্তৃপক্ষ এই কারখানার অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে পাইপ ও অবৈধ রাইজার জব্দ করে।
এছাড়াও, পূর্ব রাজাশন এলাকার আনুমানিক ৫০টি বাসা-বাড়ি নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলো। এসকল বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার ও পাইপ জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
এব্যাপারে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ রয়েছে, এজন্য অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) সাভারের কৃষ্ণপুর এবং পূর্ব রাজাশন এলাকায় একটি মশার কয়েল তৈরীর কারখানা সহ আনুমানিক ৫০টির মতো বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার এবং পাইপ জব্দ করা হয়েছে।
প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম আরও জানান, সাভার মডেল থানায় বাংলাদেশ গ্যাস আইনে অবৈধভাবে গ্যাস ব্যাবহারকারী এবং এসব সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
তিতাসের এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক সুমন দাস প্রমুকগ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
এছাড়াও, অভিযান চলাকালে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ এর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে