কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ তানভীর (৩৬) কে আটক করেছে র্যাব।
গতকাল বুধবার (১২ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেস নামক একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল সংখ্যক ইয়াবা জব্দ করে র্যাব-৭ এর এক আভিযানিক দল। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এই সময় কক্সবাজার থেকে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেস নামক এক বাস চেকপোস্টে থামিয়ে তল্লাশি করার সময় বাসের ভেতরে থাকা যাত্রী মোহাম্মদ তানভীর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তানভীরকে আটক করে।
তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে তার সঙ্গে থাকা ব্যাগ ও একটি এলইডি টিভির প্যাকেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক মোহাম্মদ তানভীর দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
বার্তাবাজার কে.কে