সুন্দরবনে জেলে নির্যাতনের ঘটনায় শরণখোলার ভাইস চেয়ারম্যানের নামে মামলা

সুন্দরবনে জেলে নির্যাতনের ঘটনায় বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নির্যাতিত জেলের মহাজন মো. এমাদুল হক শরীফ বাদী হয়ে বুধবার দুপুরে শরণখোলা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলেন পারভেজের সহযোগী উপজেলার বকুলতলা গ্রামের মো. নাছির হাওলাদার, সোনাতলা গ্রামের আলম হাওলাদার, জাকির হাওলাদার, মিজান ওরফে শহিদ মৃধা ও তার ভাই পলাশ হাওলাদার।

মামলা সুত্রে জানা গেছে, বাদীর দাদান নেয়া জেলে মামুন খান গত ৭আগস্ট বগী ফরেস্ট স্টেশন থেকে পারমিট গ্রহন করে সঙ্গীয় জেলেদের নিয়ে সাগরে মাছ ধরতে যায়। গত ৯ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে জেলেরা নিরাপদে আশ্রয় নেয় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বালির খালে। সাগর পাড়ের ওই স্থান নিজের দখলের বলে দাবী করেন ভাইস চেয়ারম্যান পারভেজ। এরপর ওইদিন বিকেল পাঁচটার দিকে ও তার সঙ্গীয় আসামীরা জেলে মামুন খানকে মারধর করে তাড়িয়ে দেয়। এসময় ট্রলার থেকে ৩৮টি ইলিশ মাছ ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।

মামলার বাদী এমাদুল হক শরীফ জানান, ঘটনার পরেরদিন ১০আগস্ট সকালে আহত জেলে মামুন খানকে দুর্গম সুন্দরবন থেকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার জেলেদের মারধর করে টাকা ও মাছ লুট করায় তিনি এ মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, ওই ঘটনায় বুধবার রাতে ভাইস চেয়ারম্যান পারভেজ ও তার সহযোগীদের নামে একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

অপরদিকে বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ ধরার সময় সোমবার বিকেলে দুইটি নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। ওই সব জেলে শরণখোলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের বলে আটককৃতরা জানায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর