রাস্তায় পুত্রসন্তান প্রসব করলেন নারী!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় প্রসব বেদনায় কাতর হয়ে রাস্তার পাশেই পুত্রসন্তান জন্ম দিলেন এক মানসিক ভারসাম্যহীন নারী। এক দোকানি হাতে একটি ব্লেড তুলে দিলে নিজেই সন্তানের নাড়ি কেটে দেন।

এরপর নবজাতককে কোলে নিয়ে ওই মানসিক প্রতিবন্ধী নারী হাসলেন মাতৃত্ব লাভের স্বর্গীয় হাসি।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বলিয়াদী ইউনিয়নের নোয়াটা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে বাজিতপুরের নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, ওসি মো. মাজহারুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে নবজাতক ও প্রসূতি মাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসা ও সুস্থ পরিচর্যা ব্যবস্থা নিশ্চিত করেন তারা।

বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল উদ্দীন আহমেদ জানান, প্রসূতি মা ও নবজাতককে তারা সার্বক্ষণিক পরিচর্যায় রেখেছেন। তারা সুস্থ আছেন।

সেখানে নিবিড় পরিচর্যায় রেখে ওই নারীর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

তবে জিজ্ঞাসাবাদের সময় মাঝে-মধ্যে তার নাম মদিনা, স্বামীর নাম মামুন এবং বাড়ি কালিয়া ও খালিয়া বলে জানিয়েছেন। এমন পরিস্থিতিতে তার প্রকৃত পরিচয় উদ্ধারে দেশের সব জেলা ও থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর