আরেক সাহেদ করিম কুমিল্লায় গ্রেফতার

শেখ আকাশ আহমেদ (শরীফ) নামে এক প্রতারককে কুমিল্লায় গ্রেফতার করেছে ডিবি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, রাজনৈতিক সচিব, উপ-সচিবসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন এমন ভুয়া পরিচয়ে প্রতারণাকালে সেই প্রতারককে গ্রেফতার করেছে ডিবি।

আজ বিকেলে বিসিক শিল্প নগরী এলাকা থেকে শেখ আকাশ আহমেদ (শরীফ) নামে এক প্রতারককে চার সহযোগীসহ জেলা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ নেতার সাথে এডিটিং করা ছবি এবং ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরো জানান, নেত্রকোনার ওয়াজেদ আলীর ছেলে শরীফ উদ্দিন (২৫)। এই প্রতারক শেখ আকাশ আহমেদ (শরীফ) নাম ধারণ করে ফেসবুক আইডি খোলেন। কখনও নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, কখনও রাজনৈতিক সচিব, উপ-সচিব, বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন বলে প্রচার করেন। এসব পদ-পদবি ব্যবহার করে এই প্রতারক বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড তৈরি করে প্রতারণার কাজে ব্যবহার করেন।

প্রতারক শরীফ উদ্দিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিখুঁতভাবে ছবি জোড়া লাগিয়ে তার প্রতারনার কাজে ব্যবহার করতেন। এসব ছবি ও ভিজিটিং কার্ড দেখিয়ে নানাভাবে তিনি মানুষের সাথে প্রতারণা ও বিভ্রান্ত করে আসছিলেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে তিন মাস অফিস পিয়নের কাজ করতে গিয়ে বহিষ্কার হয়। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেন। কিন্তু সে ভোকেশনালে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সম্প্রতি ফেসবুকে পরিচয় হয় কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকার বদরুল ইসলাম খান ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সাথে। প্রতারক শরীফ তাদের কাছে নিজেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এবং তিনি গণভবনে থাকেন জানিয়ে সপ্তাহ খানেকের মধ্যে কুমিল্লায় বেড়াতে আসতে চান।

বুধবার (১২ আগষ্ট) চার সঙ্গীসহ মোটরসাইকেলের একটি বহর নিয়ে ওই দম্পতির বাড়ি আসেন । পরে ওই দম্পতির মালিকানাধীন বিসিক শিল্প নগরীর ইটিল্যাব (ইউনানি) ফ্যাক্টরি পরিদর্শনে যান। এসময় ডিবি পুলিশের একটি দল চার সহযোগীসহ ওই প্রতারককে গ্রেফতার করে। এর আগে তার আগমনের খবর পেয়ে পুলিশ আগে থেকে তার ফেসবুক আইডিসহ গতিবিধির ওপর নজর রাখছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারদের জিজ্ঞাসাবাদসহ থানায় মামলার প্রস্তুতি চলছিল।

বার্তাবাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর