ফেসবুকে মহানবীকে কটূক্তি করায় রণক্ষেত্র বেঙ্গালুরু, নিহত ৩

ভারতের বেঙ্গালুরুতে ফেসবুকে মহানবী (সঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের জেরে রণক্ষেত্র হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার কংগ্রেসের বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে৷ এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ।

তবে এ বিষয়ে পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে দাবি অনেকের। এরপর থেকেই ধীরে ধীরে সহিংস হয়ে উঠে বিক্ষোভ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রতিবাদকারীরা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাতে কেজি হাল্লি এবং ডিজি হাল্লি থানায় হামলা চালানো হয়। এতে এক এসিপিসহ অন্তত ৬০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিন বেঙ্গালুরুর কাভাল বাইসান্দ্রা এলাকায় কংগ্রেস নেতা শ্রীনিবাস মূর্তির বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। ছোড়া হয়েছে ইট-পাথরও। এসময় পার্কিংয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

তবে অভিযুক্ত কংগ্রেস নেতার ভাইপোর দাবি, তিনি ফেসবুকে আপত্তিকর ওই পোস্ট করেননি। তার ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ এই কাজ করেছে। যদিও পরে সেই পোস্টটি ডিলিট করে দেয়া হয়েছে।

ব্যাঙ্গালুরু পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) সন্দীপ প্যাটেল বলেন, সহিংসতার ঘটনায় অন্তত ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কংগ্রেস বিধায়কের ভাইপোকেও গ্রেফতার করেছে পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর