ত্রাণের চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

র‍্যাব-৪ এর অভিযানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী (জি.আর) এর ৫৬০ কেজি চাল বিতরণ না করে আত্মসাৎ এর সহ মিজানুর রহমান মিজু (৬০) নামের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান মিজু ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আমছিমোড় এলাকার আফসার উদ্দিনের ছেলে৷

এব্যাপারে র‌্যাব-৪ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ না করে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আমছিমোড় এলাকার নিজ বাড়ির টিনশেডের ভেতর মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই টিনশেড স্থান থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ ‘ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য’ লেখা ৩৫টি চাউলের বস্তা (৫৬০ কেজি) উদ্ধার করা হয়। সেই সাথে ধামরাই থানার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, আটক আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। সরকারি ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর