করোনা মহামারির পর থেকেই প্রায় গত চারমাস ধরে প্রতিনিদ দুপুর আড়াইটায় লাইভ ব্রিফিংয়ে করোনা বিষয়ে সকল তথ্য দিয়ে আসছিল স্বাস্থ্য অধিদফতর। এ ব্রিফিংটি করতেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর মাধ্যেমে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা সকল তথ্য একসঙ্গে পেতেন।
মঙ্গলবার (১১ আগষ্ট) স্বাস্থ্য বুলেটিনে ঘোষণা আসে আজ বুধবার থেকে স্বাস্থ্য বুলেটিন আর লাইভ পরিবেশিত হবে না। স্বাস্থ্য বুলেটিনের বদলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।
গণমাধ্যমকর্মীরা বলছেন, করোনাকালীন সময়ে করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দ্রুত পাঠক ও দর্শকদের অবহিত করতে গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রতিযোগিতা চলছে। সেক্ষেত্রে সংবাদ বিজ্ঞপ্তি আগে কিংবা পরে দেয়া হলে তা নিয়ে বিতর্ক তৈরি হবে।
সংবাদ বিজ্ঞপ্তি কীভাবে এবং কখন দেয়া হবে, সে বিষয়ে জানতে বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা তথ্য-উপাত্ত সংগ্রহ করে নির্ভুলভাবে বুলেটিন আকারে তৈরি করতে দুপুর হয়ে যায়। এ কারণেই প্রতিদিন দুপুর আড়াইটায় ব্রিফিং হতো। আজ থেকে যেহেতু ব্রিফিং হবে না, সে কারণে যতদ্রুত সংবাদ বিজ্ঞপ্তি তৈরি করা যায়, ততদ্রুত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হবে।
নির্দিষ্ট কোনো সময় ঠিক করেছেন কি-না জানতে চাইলে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘বিকেল ৪টার মধ্যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হবে। কোনো ধরনের বিতর্ক এড়াতে একযোগে সকল গণমাধ্যমে ই-মেইল করে এই বিজ্ঞপ্তি পাঠানো হবে।’
বার্তাবাজার/এমকে