মারাত্মক স্বাস্থ্য সংকটে লেবানন, বাড়ছে করোনার প্রকোপ

লেবাননে ভয়াবহ বিস্ফোরণের পর দেখা দিয়েছে করোনাভাইরাস সংক্রমণেরও বিস্ফোরণ ঘটার আশঙ্কা। মঙ্গলবার দেশটিতে প্রথমবারের মতো একদিনে তিন শতাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে অন্তত সাতজনের।

লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লেবাননে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৭ হাজার ১২১ জনে দাঁড়িয়েছে, মৃত্যু হয়েছে ৮৭ জনের। বন্দরে বিস্ফোরণের আগে থেকেই করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছিল লেবাননে। তবে দুর্ঘটনায় চিকিৎসা ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গত ৪ আগস্ট লেবাননে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭১ জন, আহত ছয় হাজারেরও বেশি মানুষ। বিস্ফোরণে শহরের প্রায় অর্ধেকটাই ধূলিসাৎ হয়ে গেছে, এতে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত তিন লাখ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র তারিক জারাসেভিক মঙ্গলবার এক ব্রিফিংয়ে বলেছেন, লেবাননে এত মানুষ গৃহহীন হয়ে পড়ায় তাদের মধ্যে দ্রুত করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ৭ আগস্ট দেশটিতে জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে ১৫ মিলিয়ন ডলার তহবিলের আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাস্থ্যখাত ইতোমধ্যেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঘাটতির মতো মারাত্মক সংকটে রয়েছে লেবানন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর