মাদারীপুরে সিনিয়র-জুনিয়র নিয়ে সংঘর্ষে আহত ৮, আটক ২

মাদারীপুরে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, রাতে পাকদী এলাকার তুষার সরদারের সঙ্গে পাশের থানতলী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হয় অন্তত ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর