প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজন কিচিৎসক মারা গেছেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আসাদুল হক খান মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
হাসপাতালের জনসংযোগ বিভাগের পরিচালক ডা. সাগুফতা আনোয়ার জানান, অধ্যাপক ডা. আসাদুল (৭৫) মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা গেছেন।
তিনি আরও বলেন, তিনি বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার কোভিড-১৯ এর উপসর্গও ছিল। তবে করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তাকে সাধারণ আইসিইউতে রাখা হয়েছিল। তার স্ত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনিও এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন চিকিৎসক।
বার্তাবাজার/এমকে