মাদক ছাড়ুন না হয় পুলিশ আপনাদের পিছু ছাড়বে না

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক , সন্ত্রাস, বাল্য বিবাহ ও ইভটিজিং সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগান মন্ডপে এ সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর চা বাগানের সিনিয়র ম্যানেজার মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া, প্যানেল চেয়ারম্যান মনু মিয়া, ইউপি সদস্য খোকন কর্মকার, বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রঞ্জিত সাওতাল প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, মাদকের সাথে জড়িত ব্যবসায়ী ও সেবনকারীরা যদি মাদক না ছাড়ে পুলিশ তাদের পিছু ছাড়বে না। তিনি বলেন, মৌলভীবাজার জেলায় যোগদানের পর মাদক নির্মূলের ব্রত নিয়ে কর্মযাত্রা শুরু করেছি। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে যা যা করা দরকার সব করা হবে।

তিনি আরো বলেন, পুলিশের একার পক্ষে মাদক, সন্ত্রাস, ইভটিজিং রোধ করা সম্ভব নয়। আমরা যদি সচেতন না হই এবং আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত না করি তাহলে সমাজ থেকে এসকল সমস্যা নির্মূল করা সম্ভব নয়। সামাজিকভাবেই এসকল সমস্যা মোকাবিলা করতে হবে। তাই মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ বন্দে সমাজের সকলের সহযোগীতা প্রয়োজন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর