ঢাকার সাভারে পৃথক ঘটনায় অজ্ঞাত এক কিশোরসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে দুইজনের লাশ উদ্ধার হয়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সাভারের আনন্দপুর মহল্লার একটি পুকুরে অজ্ঞাত এক (১৫) কিশোরের লাশ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই কিশোরের সাথে একটি ভাতের বাটিও উদ্ধার করেছে পুলিশ। তবে এলাকাবাসীর ধারণা অজ্ঞাত ওই কিশোরকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এব্যাপারে মুঠোফোনে সাভার মডেল থানার উপ-পরিদর্শক পাভেল জানান, আনন্দপুর মহল্লার একটি পুকুর থেকে অজ্ঞাত এক (১৫) কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পরে জানা যাবে এদুটি হত্যাকাণ্ড না আত্মহত্যা। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে, সাভারের আনন্দপুর মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে আমেনা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
এব্যাপারে, সাভার মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর জানান, আমেনা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস