গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে ভারতীয় কিশোর নিহত

নিজেদের দেশের এক কিশোরকে গরু পাচারকারী সন্দেহে গুলি করে মারল বিএসএফ। ঘটনা কোচবিহারের বালাভূতের, এর জেরে এখনো উত্তপ্ত ওই এলাকা। সেখানকার মানুষেরা দফায় দফায় বিক্ষোভ করছে বিএসএফের বিরুদ্ধে।

দেশটির সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, গরু পাচারকারী সন্দেহে ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ জওয়ানরা।

রবিবার (৯ আগষ্ট) রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ৮০টি গরু কোচবিহারের তুফানগঞ্জের বালাভূত এলাকায় জড়ো করেছিল পাচারকারীরা। এমন খবর পেয়ে অভিযান চালায় বিএসএফের ৬২ নম্বর ব্যাটালিয়ন। তবে, বিএসএফের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোমা মেরে পালিয়ে যায়।

পরে বিএসএফ সদস্যরা একটি বাড়ির সামনেই শাহিনুরকে দেখতে পেয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। পরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে বিএসএফ জওয়ানরা এলাকা ছেড়ে চলে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। মরদেহ উদ্ধারেও বাধা দেয় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে কিছুটা শান্ত হয় পরিস্থিতি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর