ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলছে। করোনায় একদিনেই এক হাজারের বেশি মানুষের মৃত্যু দেখল দেশটি। এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ আরও বেশ কিছু দেশে একদিনে হাজারের বেশি মৃত্যু হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ৬২ হাজার ৬৪ জনের। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪।
ভারতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। ফলে এখন পর্যন্ত মারা গেছে ৪৪ হাজার ৩৮৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। ভারতে সুস্থতার হার ৬৯ দশমিক ৩৩ শতাংশ।
বার্তাবাজার/এমকে