বাংলাদেশের তাবলিগ জামাতের ১৭ জনকে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার তাবলিগ জামাতের এই ১৭ জন সদস্যকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে, ভারতে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে তাদেরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।
জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলিগ জামাতের কর্মীরা পাসপোর্টের মাধ্যমে ভারতে যায়। এসময় ভারতে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়। এ অবস্থার মধ্যে তাবলিগ কর্মীরা সেখানে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ আনে ভারত সরকার।
পরে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেলখানায় পাঠায়। সেখানকার আদালত তাদের ৪ মাস সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর গতকাল ওই ১৭ জন সদস্য দেশে ফিরে আসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান জানান, ভারতে আটক তাবলিগ জামাতের ৮ নারীসহ ১৭জনকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান এ বিষয়ে বলেন, ভারত থেকে ফেরত আসা তাবলিগ সদস্যদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে করোনা আছে কিনা জানতে ১৪ দিনের জন্য সরকারি তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে