অবশেষে আমিনপুর থানার সেই বিতর্কিত ওসি প্রত্যাহার

অবশেষে প্রত্যাহার করা হয়েছে পাবনার আমিনপুর থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিনকে। রবিবার দুপুরে পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ওসি মাইনুদ্দিনকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ জারি করেন। অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মাইনুদ্দিনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বেড়া উপজেলার চার ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কলরেকর্ড ফাঁস করে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের অব্যহতিপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন ও পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের হাতে তুলে দেয়া, ঘুষ নিয়ে ভিজিডি কার্ডের চাল চুরির অভিযোগে অভিযুক্ত ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান কোরবান আলীর পক্ষে তদন্ত প্রতিবেদন দেয়া, চরমপন্থী সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া, কাজীরহাট ও নগরবাড়ী ঘাটে চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আকতার জানান, রবিবার দুপুরে ওসি মাইনুদ্দিনকে অব্যহতির নির্দেশ দেয়া হয়েছে। তবে, ওসি মাইনুদ্দিনকে পাবনা পুলিশ লাইনসে সংযুক্তির কথা নিশ্চিত করলেও অব্যহতির সুনির্দিষ্ট কারণ জানাতে রাজি হননি তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর