লেবাননে নিখোঁজ বাংলাদেশির মৃতদেহ মিলেছে

গত মঙ্গলবার(৪ আগষ্ট) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে লেবাননের রাজধানী বৈরুতে। আর সেই ঘটনায় নিখোঁজ বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। গতকাল শনিবার সেখানকার স্থানীয় একটি হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয় বলে জানিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করে দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রাশেদ। বিস্ফোরণের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল শনিবার স্থানীয় একটি হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, পাসপোর্টের তথ্য থেকে জানা গেছে, মৃত রাশেদের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি লেবাননে শ্রমিকের কাজ করতেন।
আবদুল্লাহ আল মামুন আরো জানান, এ নিয়ে বৈরুত বন্দরে ভয়বহ বিস্ফোরণের ঘটনায় মৃত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে।

আহত হয়েছেন ১০৮ জন। তবে তাদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন। যারা গুরুতর আহত তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দূতাবাস তাদের ব্যাপারে খোঁজ খবর রাখছে।

এর আগে গত মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, বিস্ফোরণের ঘটনায় দেশটিতে অবস্থান করা বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছেন। পাশাপাশি বৈরুত বন্দরে অবস্থান করা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর