ভারতে আহমেদাবাদের পরে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অন্ধ্রপদেশের বিজয়ওয়াড়ায়। সেখানে একটি কোভিড-১৯ সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ রোববার সকালে অন্ধ্রপদেশের বিজয়ওয়াড়ায় একটি হোটেলে আগুন লাগে। কোভিড-১৯ সেন্টার হিসেবে ব্যবহৃত হোটেল স্বর্ণ প্যালেসে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওই কোভিড সেন্টারে অনেক করোনা রোগী ছিলেন। এ পর্যন্ত ওই অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। এছাড়া কমপক্ষে আরও ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি হাসপাতাল কর্তৃপক্ষ ওই হোটেলটি ভাড়া নিয়ে সেখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ ওই হোটেলটিতে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ছুটে যায়। পুরো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
বার্তাবাজার/এমকে