যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহে প্রায় এক লাখ শিশুর করোনা শনাক্ত করা হয়েছে। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, জুলাইয়ের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৯৭ হাজারেরও বেশি শিশু করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট শনাক্ত প্রায় ৫০ লাখ করোনা রোগীর মধ্যে ৩ লাখ ৩৮ হাজার শিশু রয়েছে। শুধু জুলাই মাসেই দেশটিতে করোনায় ২৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে মহামারির মধ্যে শিশুদের স্বশরীরে স্কুলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও ঘোষণা দিয়ে জানিয়েছে, শিগগিরই শিশুদের স্বশরীরে স্কুলে ফিরিয়ে আনা হবে এবং এ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন করতে কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র জানান, স্কুল কমিউনিটি কীসে সুরক্ষিত থাকবে সে বিষয়ে তারা (কর্মকর্তারা) সারাবিশ্বের নমুনা পর্যবেক্ষণ করেছেন। সবার আগে স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের শিক্ষাদানে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন।
বার্তাবাজার/এমকে