গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁর খেতাব দখল করে আছে স্পেনের মাদ্রিদ শহরের ‘রেস্তুরেন্তে বোতিন’ রেস্তোরাঁটি। ১৭২৫ সাল থেকে ভোজনপ্রিয় মানুষের চাহিদা পূরণ করে চলেছে এই রেস্তোরাঁ।
কিন্তু করোনা ভাইরাসের ঢেউ লেগেছে এখানেও। ইউরোপের ওপর দিয়ে করোনা ঝড় বয়ে যাচ্ছিল তখনই বন্ধ হয়ে যায় ‘রেস্তুরেন্তে বোতিন’। এরপর থেকে এখনো বন্ধ। রেস্তোরাঁর বর্তমান মালিক আশঙ্কা করছেন এটিকে আর চালু করতে পারবেন কি না তা নিয়ে।
প্রায় ৩০০ বছর আগে ফরাসি রাঁধুনি জ্যাঁ বোতিনের নামে যাত্রা শুরু করেছিল এটি। স্পেনের ঐতিহ্যবাহী খাবারের জন্য দেশের মানুষের পাশাপাশি বিদেশিদের কাছেও বেশ প্রসিদ্ধ। ইউরোপের দেশগুলোর পর্যটকদের কাছে বিশেষ খ্যাতি রয়েছে রেস্তোরাঁটির।
বোতিনের জেনারেল ম্যানেজার অন্তেনিও গনজালেজ বলেন, ১৭২৫ সালে চালু হওয়ার পর একদিনের জন্যও বন্ধ রাখা হয়নি রেস্তোরাঁটি। স্প্যানিশ গৃহযুদ্ধের সময়ও এটি খোলা ছিল। কিন্তু এ যাত্রা আর রক্ষা পায়নি। বন্ধ রাখতে বাধ্য করা হয়।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বন্ধ করে দেওয়ার সময় আমরা সবাই ভেঙে পড়েছিলাম। কারণ এর আগে কখনো এটি ঘটেনি। —সিএনএন
বার্তাবাজার/কে.জে.পি