পুকুরে গোসল করাকে কেন্দ্র করে নোয়াখালীতে যুবক খুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর হাজিপুর এলাকায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে আব্দুল্লাহ আল নোমান হৃদয় নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত হৃদয় পৌরসভার ৮ নং ওয়ার্ডের আসলাম হাজী বাড়ির আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর এলকার স্থানীয় আকাশ মিয়ার পুকুরে গোসল করতে যায় হৃদয়। গোসল করার সময় তুচ্চ বিষয় নিয়ে একই এলাকার সোহাগের সাথে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষন পর সোহাগ নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল বাড়ীর সামনে এসে হৃদয়কে হামলা করে। এসময় ধারালো ছুরি দিয়ে হৃদয়ের পেটে কয়েকটি আঘাত করে। এসময় হৃদয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধূরী জানান, ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর