বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নামবিহীন একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ট্রলারটি ডুবে যায়। পরে শুক্রবার রাতেই অন্য একটি ট্রলারের সাহায্যে ইসা সিকদার (৩৫) ও আলম মোল্লা (৫৫) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬ জেলেকে।
জীবিত উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো.নজরুল মোল্লা, জহিরুল মোল্লা, সেলিম খান, বাদল হাওলাদার, পনু খান ও মো.রুবেল চৌকিদার। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলেদের সবার বাড়ী কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামে।
জানা গেছে, উপজেলার চরবালিয়াতলী এলাকার মো.নজরুল মোল্লার নামবিহীন একটি ট্রলার ৮ জন জেলে নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। শুক্রবার ভোররাতে কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার গভীরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় জেলেদের মধ্যে দু’জন ঢেঊয়ের তোড়ে হারিয়ে যায়। এ সময় ৬ জেলে ১৬ ঘন্টা ভাসমান থাকার পর অপর একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা সুস্থ রয়েছে বলে জানা গেছে।
ট্রলারে থাকা জেলে রুবেল চৌকিদার ও পনু খান জানান, সাগরে জাল ফেলানো অবস্থায় হঠাৎ ঝড় শুরু হয় তাৎক্ষনিক ট্রলারটি উল্টে যায়। এসময় সাগরে তারা বয়া ধরে ভাসমান অবস্থায় ছিল । তবে স্রোতের কারনে দু’জন হারিয়ে যায় বলে তারা উল্লেখ করেন।
বার্তা বাজার / ডি.এস