বিশ্বের সর্ববৃহৎ মিথানল কারখানা উদ্বোধন করল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা চালু করেছে। বৃহস্পতিবার এই কারখানার উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। পারস্য উপসাগর তীরবর্তী একটি এলাকায় কারখানাটি স্থাপন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি থেকে বাঁচতে অপরিশোধিত জ্বালানী রপ্তানিকে নিরুৎসাহিত করে পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির দিক নির্দেশনা দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে কারখানাটি উদ্বোধন করা হলো।

এদিন এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে ‘কভেহ’ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স’ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রুহানি।

কারখানাটিতে প্রতিদিন ‘এএ’ গ্রেডের সাত হাজার মেট্রিক টন মিথানল উৎপাদিত হবে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, বেসরকারি উদ্যোগে নির্মিত এ কারখানা স্থাপনে প্রায় ১০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ খরচ হয়েছে। এ কারখানা থেকে অপরিশোধিত জ্বালানী ব্যবহার করে বছরে প্রায় ৪০ কোটি ডলার মূল্যের পণ্য উৎপাদন করা সম্ভব হবে।

বুশেহর প্রদেশের ‘দেইর’ কাউন্টিতে ২২০ হেক্টর জমির ওপর নির্মিত এ কমপ্লেক্সে দৈনিক ৬০ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হবে। প্রকল্প উদ্বোধনের পর প্রেসিডেন্ট রুহানি বলেছেন, আমেরিকার কঠিনতম নিষেধাজ্ঞা মোকাবিলা করতে আমরা এ প্রকল্প নির্মাণ করেছি। চলতি (ফার্সি) বছর শেষ হওয়ার আগে এ ধরনের আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বহুদিন ধরে সরাসরি অপরিশোধিত তেল ও গ্যাস রপ্তানির বিরোধিতা করে এসেছেন। তিনি এর পরিবর্তে তেল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তেলজাত পণ্য রপ্তানির দিক নির্দেশনা দিচ্ছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর