মানিকগঞ্জের সিংগাইরে বন্যা(১৫) নামের অপ্রাপ্ত বয়স্ক এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৫টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চর চারাভাংগা গ্রামের মল্লিক পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত বন্যা সিংগাইর উপজেলার চর চারাভাংগা গ্রামের সাব্বিরের স্ত্রী ও একই ইউনিয়নের বেপারী পাড়ার জুলমত আলীর কন্যা।
পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বায়রা ইউনিয়নের বেপাড়ীপাড়া গ্রামের জুলমত আলীর ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে বন্যা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চর চারাভাংগা গ্রামের মল্লিক পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সাব্বির হোসেনের(১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপ্রাপ্ত বয়স্ক ওই প্রেমিক যুগল ৭-৮ মাস আগে বাড়ি থেকে পালিয়ে পরিবারের সম্মতি ছাড়াই কোর্ট ম্যারিজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়ের পরিবার তাদের এ বিবাহ মেনে নিলেও ছেলের পরিবার এ বিবাহ মেনে না নেয়ায় তাদের দাম্পত্য ও সংসার জীবনে কলহ ও অশান্তির সৃষ্টি হয়। মাঝে মধ্যে বন্যার নানা শ^শুর দিনু (৫৫) মানসিক নির্যাতনও করত বলে মেয়ের পরিবার জানান।
বন্যার মা সুফিয়া (৪৫) জানান, ঈদের আগে বন্যার ননদ সেতু বিদেশ হতে বাড়িতে আসে। আসার পর থেকে তাকে সবসময় কাজের চাপে রাখত, সময় মত খেতেও দিত না। স্বামী ও ননদ যৌতুকের জন্য বন্যাকে মানসিক নির্যাতনও করত। এরই রেশ ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন প্রহরে বন্যার নানা
শ্বশুর দিনু (৫৫) ননদ সেতু(২৫), খালা শাশুড়ি পাশবিক নির্যাতন করলে বন্যার মৃত্যু হয়। বন্যা আত্মহত্যা করছে বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে তার শ্বশুর বাড়ির লোকজন। বন্যা অসুস্থ্য বলে তার ননদ সেতু সকালে ফোন দিয়ে আমাদেরকে জানালে আমরা বন্যার শ্বশুর বাড়ীতে গিয়ে তার লাশ মাটিতে পড়া অবস্থায় দেখতে পাই। বন্যা আত্মহত্যা করেনাই, তার ঘাড়ে ও পায়ের ওপরে জখমের দাগ আছে আমার মেয়েকে হত্যা করা হয়েছে।
সিংগাইর থানার এস আই অমিত জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
বার্তা বাজার / ডি.এস