মশা নিয়ন্ত্রণে কাল থেকে ফের চিরুনি অভিযান

রাজধানীবাসীকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে এডিস মশা নিয়ন্ত্রণে আগামীকাল (শনিবার) থেকে ফের বিশেষ পরিছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১০ দিনব্যাপী এ অভিযান চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। মাঝে ১১ আগস্ট জন্মাষ্টমী, ১৪ আগস্ট শুক্রবার এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এ অভিযান বন্ধ থাকবে।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, আজ শুক্রবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানের কার্যক্রম সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলমান থাকবে। তবে অঞ্চল বা ওয়ার্ড ভেদে প্রতিদিনের অভিযান শুরু ও শেষ করার সময় পরিবর্তন হতে পারে।

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আগামীকাল শনিবার থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযান সম্পর্কে নগরবাসীকে অবহিত করতে ইতিমধ্যে ডিএনসিসির সর্বত্র মাইকিং করা হয়েছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, গণমাধ্যমকর্মী এবং ডিএনসিসির জনগণকে আহ্বান জানিয়েছেন।

আতিকুল ইসলাম বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে তিন দিনের বেশি জমা পানি থাকবে, ততদিন পর্যন্ত আমরা ডেঙ্গু থেকে সুরক্ষিত নই।’

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার, শহর ও রাষ্ট্রকে সুরক্ষিত রাখুন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর