রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার এক দিনের সব নমুনার ফলাফল ‘পজিটিভ’ এসেছে। সবগুলো পজিটিভ আসায় ওই দিনের ফলাফল আর প্রকাশ করা হয়নি।
রামেক কর্তৃপক্ষের ধারণা, পিসিআরের যান্ত্রিক ত্রুটির কারণে এ গোলমাল হয়েছে। এটি ঠিক করতে রামেক হাসপাতালে এক সপ্তাহ ধরে করোনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি করোনা নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, সবগুলো নমুনাই করোনা ‘পজিটিভ’ এসেছে। করোনা পরীক্ষার এ অস্বাভাবিক ফলাফল দেখে নমুনাগুলোর ফলাফল আর ঘোষণা করা হয়নি।
হাসপাতালের টেকনোলজিস্টরা প্রথমে ধারণা করেন, পিসিআর যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে পিসিআরে ত্রুটি পাওয়া যায়। পিসিআরের এ যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা চলছে।
সব নমুনা পজিটিভের বিষয়ে হাসপাতালটির উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ‘পিসিআর যন্ত্রে একটু ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে করোনা পরীক্ষা চালু করা যাবে।’
কেএস/বার্তাবাজার