ময়মনসিংহের নান্দাইলে আত্মীয় বাড়িতে যাবার পথে শামীম ভুঁইয়া (৩৮) নামে এক যুবকের পা কেটে নেওয়া পা ঘটনার চার দিনের মাথায় উদ্ধার হয়েছে।
পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলাধীন ভাসা গোকূলনগর এলাকা থেকে শুক্রবার সকালে বিচ্ছিন্ন পা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের ভাসা গোকূলনগর এলাকার রাস্তার পাশে বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। শুক্রবার সকালে বিচ্ছিন্ন পায়ের খবর পেয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থল ছুটে যায়। পুলিশ নিশ্চিত হন বিচ্ছিন্ন পা টি গত সোমবার রাতে কেটে নেওয়া শামীম ভুঁইয়ার। শামীম পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার কানুরামপুর গ্রামের নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে।
ঈদ উপলে প্রবাসফেরত শামীম ভূঁইয়া ভাই রুবেলকে নিয়ে গত সোমবার সন্ধ্যার দিকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাটি কানুরামপুর পশ্চিম বাস স্টপেজে থামে। ওই সময় ১০-১২ জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশাটি ঘেরাও করে দুই ভাইকে মারধর করতে থাকে। এক পর্যায়ে শামীমকে সিএনজি থেকে টেনে হিঁছড়ে নামিয়ে সড়কের ওপর ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এক পর্যায়ে চাপাতি দিয়ে কুপিয়ে শামীমের ডান পা কেটে নেওয়া হয়। বা পায়েও কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় শামীমের ভাই রুবেল ভুঁইয়া বাদি হয়ে গত মঙ্গলবার ২৬ জনকে আসামি করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জান্নাত উল্লাহ (২৮) নামে এক আসামিকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এদিকে শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জে রাস্তার পাশে বিচ্ছিন্ন পা পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বিচ্ছিন্ন পা উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে আরো জানা যায়, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন মোর্শেদ আলী। গত বছরের ১ ফেব্রæয়ারি রাতে কানুরামপুর বাসস্ট্যান্ডের পাশে বাড়িতে যাবার পথে প্রতিপরে হাতে খুন হন মোর্শেদ আলী। মোর্শেদ আলী হত্যা মামলার আসামি ছিলেন শামীম ও তার ভাই। হত্যা মামলার আসামি হলেও শামীম ও তার ভাই জামিনে ছিলেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন দুই ভাইয়ের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ শামীমের ভাই রুবেল ভুঁইয়ার।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী বলেন, পা কেটে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। মামলার অন্য ২০ জন আসামী বৃহস্পতিবার আদালত থেকে জামিন নিয়েছেন। তিনি আরো বলেন, পূর্বে কয়েকটি হত্যাকান্ডের জের হিসেবে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যুবকের বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি