লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় বৈরুত বন্দরের ১৬ জন কর্মীকে আটক করা হয়েছে। এক সামরিক প্রসিকিউটর জানায়, ওই ভয়ানক বিস্ফোরণের ঘটনায় বৈরুতের ১৬ বন্দর কর্মীকে আটক করা হয়েছে। খবর আল জাজিরার।
সামরিক প্রসিকিউটর ফাদি আকিকি এক বিবৃতিতে জানান, বৈরুত বন্দরের ১৮ জন স্টাফকে তদন্তের কাজে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে। এদের মধ্যে ১৬ জন এখনও নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন। তদন্তের কাজেই তাদের হেফাজতে রাখা হয়েছে।
আকিকি আরও বলেন, আটক হওয়াদের মধ্যে বন্দর ও কাস্টমসের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মী এবং ব্যবস্থাপক রয়েছেন। এর আগে ওই বিস্ফোরণের ঘটনায় দায়ী সন্দেহভাজন বেশ কয়েকজন কর্মকর্তাকে গৃহবন্দী করার নির্দেশ দেয় দেশটির সরকার।
মঙ্গলবারের ওই প্রাণঘাতী বিস্ফোরণের কারণ এখনও শতভাগ নিশ্চিত না হলেও সংশ্লিষ্টদের বিশ্বাস, বন্দরের গোডাউনে প্রায় ছয় বছর ধরে মজুত রাখা বাজেয়াপ্ত ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের তাণ্ডবে বৈরুত শহরের প্রায় অর্ধেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে দেড়শ’ কিলোমিটার দূর থেকেও তা অনুভব করা গেছে। বিস্ফোরণের ধাক্কায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত কমিটিকে চারদিনের সময় দিয়েছে লেবানন সরকার।
বার্তাবাজার/এমকে