কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করে করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি জানান।
স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১] এর ১৩ক ধারা অনুসারে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামকে (রেনু) পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকৈ অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হলো এবং পাকুন্দিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা দেওয়া হলো।
এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবলিম্বে তা কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানদ্বয়, পাকুন্দিয়া পৌরসভার মেয়র ও সব ইউপি চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবে বর্ণিত অভিযোগ উপজেলা পরিষদ আইন-১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১দ্বারা সংশোধিত] এর ১৩ (খ) ও ১৩ (গ) ধারার স্পষ্ট লঙ্ঘন এবং যেহেতু আনীত অনাস্থা প্রস্তাবের বিষয়ে সরেজমিন তদন্তকালে প্রস্তাবটি পাকুন্দিয়া উপজেলা পরিষদের চার-পঞ্চমাংশের বেশি সদস্যের ভোটে গৃহীত হয়েছে, সেহেতু সরকার উপযুক্ত বিবেচনা করে অনাস্থা প্রস্তাবটি অনুমোদন করেছেন।
বার্তা বাজার / ডি.এস