মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে শুক্র ও শনিবার দুইদিনের হরতালের ডাক দিয়েছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমুহনা সংলগ্ন মক্কা সুপার মার্কেটের আম্মাজান-২ মোবাইল সার্ভিসিং দোকানের ভিতরে প্রবেশ করে শ্রীমঙ্গল ট্রাক,ট্যাংলরি,কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি:নং-২৪২৩) সাধারণ সম্পাদক শাজাহান মিয়া দোকান মালিককে মারধর করে তাকে তুলে নেয়ার প্রতিবাদে পৌর শহরের বিভিন্ন সড়কে সন্ধ্যা থেকে বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা।
মিছিলে সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মিছিলে অংশ নেয়া ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, বিকাল ৪ টায় শহরের চৌমুহনায় একটি পিকআপ ভ্যান একটি রিক্সাকে ধাক্কা দিলে রিক্সায় থাকা ব্যবসায়ীরা চালককে জিজ্ঞাসা করলে চালক তাদের সাথে দুর্ব্যবহার করে। একপর্যায়ে চালক তাদের ওপর হাত তুললে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর ক্ষোভে পরিবহন সমিতির সাধারণ সম্পাদক শাজাহান ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে শহরের মক্কা সুপার মার্কেটের দোকানে প্রবেশ করে ব্যবসায়ী বিল্লাল হুসাইন ও তার সঙ্গী ছোট ভাই কামালের ওপর অতর্কিত হামলা চালায়।
এবিষয়ে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, আমাদের এই ব্যবসায়ীর হামলার সুষ্ঠু বিচার না পাওয়া গেলে আমাদের শ্রীমঙ্গল সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং আগামী শুক্রবার ও শনিবার দুইদিন হামলার প্রতিবাদে হরতালের ডাক দেয়া হয়েছে।
এদিকে ব্যবসায়ী মারধরের ঘটনায় সাধারণ ব্যবসায়িদের বিক্ষোভ মিছিল ও হরতালের ডাক দেয়াকে কেন্দ্র করে শহরে পুলিশের টহল জোরদার করেছে থানা পুলিশ।
বার্তা বাজার / ডি.এস