করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে সন্দিহান এমপি রমেশ

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করানোর পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের রিপোর্ট বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পজিটিভ আসে। এর পরপরই করোনার এ পজিটিভ রিপোর্ট নিয়ে ‘সন্দেহ’ পোষণ করেছেন রমেশ চন্দ্র সেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমার কোনও শ্বাসকষ্ট বা জ্বর নেই। আমি সুস্থ বোধ করছি। পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ রয়েছে। আজ আবার পরীক্ষার জন্য নমুনা দিনাজপুর পাঠিয়েছি।

রমেশ চন্দ্র সেন বলেন, আমার করোনার কোনও উপসর্গ নেই। আমি সম্পূর্ণ সুস্থ আছি। রিপোর্টটিতে ভুল হতে পারে বলে আমি মনে করি। যেহেতু আমার কোনও সমস্যা নেই, কাজেই রিপোর্টটিতে কোনও নেগলিজেন্স থাকতে পারে। এ কারণেই আমি নতুন করে নমুনা পাঠানোর কথা চিন্তা করছি।

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ৩ আগস্ট সাংসদ রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর পাঠানো হয়েছিল। বুধবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সিভিল সার্জন জানান, সাংসদ রমেশ চন্দ্র সেন নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ আছেন। কারও মধ্যে করোনার কোনও উপসর্গ প্রকাশ পায়নি। তিনি বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর