করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। জহিরুল হক দুলালের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে মরহুম জহিরুল হকের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
প্রসঙ্গত, আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করে জনাব জহিরুল হক ২০১৭ সালের ৭ আগস্ট অবসরে গেলে সরকার তাঁকে একই পদে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেন। ২০১৯ সালের ৭ আগস্ট তার চুক্তির মেয়াদ শেষ হলে তিনি অবসরে যান। ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্ম গ্রহন করেন দুলাল। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে জহিরুল হক দুলালের মৃতদেহ তার গ্রামের বাড়ি শাহজাদপুর উপজেলার শেরখালিতে তার বাড়িতে নেওয়া হয়েছে। জোহরের পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
বার্তাবাজার/এমকে