করোনা মহামারিতে টানা ৫ মাস পর আগামী ১৭ অগাস্ট থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল-মোটেলসহ শহরের পর্যটন স্পট গুলো শর্ত সাপেক্ষে সীমিত আকারে পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
গতকাল বুধবার রাতে জেলা প্রশাসনের পর্যটন সেলের ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্টিত এক সভায় এসিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
জেলা প্রশাসক আরো জানান, চলমান করোনা মহামারী ঠেকাতে জনস্বার্থে গত ১৮ মার্চ থেকে কক্সবাজার জেলার সকল পর্যটন স্পট গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করে জেলা প্রশাসন। এতে বিপাকে পরে মৌসুমী পর্যটন ব্যবসায়ীরা। সার্বিক বিষয় বিবেচনা করে পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত করার লক্ষ্যে গত ১ অগাস্ট জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খানের নেতৃত্বে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সাথে আলোচনা করে নির্দিষ্ট কিছু শর্ত-সাপেক্ষে সীমিত আকারে কক্সবাজার সৈকত ও শহর সংলগ্ন পর্যটন স্পটসহ আবাসিক হোটেল গুলো পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার অন্যান্য পর্যটন স্পট গুলো বন্ধ থাকবে।
তবে পর্যটন স্পট গুলোতে মনিটরিং টিম কাজ করবে। স্বাস্থ্যবিধি ও আরোপিত নির্দেশনাসহ অন্যান্য শর্তাবলী লংঘনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি