মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। ফলে ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সুস্পষ্ট লঘুচাপটি গতকাল বুধবার রাতে স্থলভাগ অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে।
এর প্রভাবে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকার চারপাশের নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে ঢাকার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আজ থেকে উন্নতি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাতাসের গতি দক্ষিণ থেকে পূর্ব দিকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইছে। দুদিন আগে অসহনীয় গরমের সময় বাতাসের গতিবেগ ছিল ৩ থেকে ৫ কিলোমিটার।
অন্যদিকে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজও অব্যাহত থাকবে। কয়েক দিনের টানা অসহনীয় গরম গতকাল বুধবার কিছুটা কমেছে।
বার্তাবাজার/কে.জে.পি