ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ডোবার পানির মধ্য থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামের জহুর আলী মুন্সীর ছেলে আবু বকর (০৮)। অপরজন, উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামের ফিরোজ ফকিরের ছেলে সাকিব ফকির (১২)।
নিহত আবু বকরের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত ওই শিশুটি দুপুরের খাবার খেয়ে বাড়ির উঠানে সহপাঠীদের সাথে খেলতে যায়। পরে বাবা-মা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই ডোবার পানির মধ্যে অর্ধ ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী মালীগ্রাম বাজারে কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের পরিবার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর সুবাদে ঢাকায় বসবাস করেন। গত ঈদে তারা স্ব-পরিবার গ্রামে বেড়াতে আসে। দুপুরে সাকিব সবার অজান্তে ডোবার পানিতে জাগ দেওয়া পাটের উপর খেলা করতে যায়। এক পর্যায়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার / ডি.এস