ময়নসিংহের নান্দাইলে বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নান্দাইল রোড বাজারের বিশিষ্ট্য বিকাশ ও মোবাইল রিচার্জ ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম দুলাল প্রতিদিনের মতই দোকান বন্ধ করে রাত সাড়ে দশটার দিকে বাড়ি যাচ্ছিলেন। সাথে তার হাতে ব্যাগ ভর্তি দোকানের দশ লক্ষ টাকারও বেশি ছিল। বড় রাস্তা থেকে বাড়িতে যাওয়ার মেঠো রাস্তায় নামার সময় চোখে মুখে জ্বালা সৃষ্টি করা দ্রব্য ছোঁড়ে দিয়ে তাকে আহত করে তার হাতে থাকা ব্যাগ ছিড়ে সকল টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
দুলালের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একইসাথে সে চিনে যায় ছিনতাইকারীকেও।
পরে আশেপাশের বাড়িতে পালানোর সময় একই এলাকার হাশিম মিয়ার ছেলে সোহেলকে সবাই এই ঘটনার সাথে জড়িত হিসাবে শনাক্ত করে।
এদিকে ভুক্তভোগী দুলালের চাচা, আনোয়ারুল হক জানান, অভিযুক্ত সোহেল এলাকায় এই ধরণের অপকর্ম আরও করেছে। একই কথা বলেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামও।
ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ফয়েজ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডি.এস