নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের এক আত্মীয়ের বাড়ি থেকে ৬টন ১৮৪কেজির মোট ১০০ বস্তা গম উদ্ধার করেছে পুলিশ। গমগুলি খাদ্য অধিদপ্তরের।
বুধবার (৫ই আগস্ট) নাটোর সদরের ছাতনী ইউনিয়নের মাঝদিঘা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গমগুলো উদ্ধার করে।
নাটোর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাতজামাই মাঝদিঘা পূর্ব পাড়া গ্রামের কোরবান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি ঘরে মজুত করা অবস্থায় সরকারি ১শ’ বস্তা গম পাওয়া যায়।
ওসি আরও জানান, কোরবান আলী পুলিশের কাছে স্বীকার করেছেন, গমগুলি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের। চেয়ারম্যান তোফাজ্জল মাস দেড়েক আগে গমগুলি তার বাড়িতে রেখে যান।
এদিকে, খাদ্য বিভাগের গম কিভাবে ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত জিম্মায় রাখলেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসী জানান, পুলিশ একটি গাড়িতে করে চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে নাটোরের দিকে নিয়ে গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা না হলেও পুলিশ হেফাজতে রয়েছেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও তার নাতি জামাই কোরবান।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গম উদ্ধার করা হয়েছে। এখন মামলার জন্য প্রস্তুতি চলছে। মামলা শেষে বিস্তারিত জানানো হবে।
অপরদিকে চেয়ারম্যান পুলিশের হেফাজতে থাকায় তার পক্ষ থেকে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বার্তা বাজার / ডি.এস