চট্টগ্রামে তিন কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রামে খুলশী এলাকায় তিন কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) ভোরে খুলশী থানাধীন সেগুনবাগান এলাকা থেকে ঘটনার ছয় দিন পর দুই ধর্ষককে গ্রেফতার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

তিনি বলেন, ২৯ জুলাই বায়েজিদ এলাকার বাসা থেকে তিন কিশোরী রাগ করে বেরিয়ে যায়। তারা টাইগারপাস এলাকায় আসলে এক লোক তাদের সঙ্গে কথা বলে তাদের অসহায়ত্বের কথা বুঝতে পারে। পরে কৌশলে খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি বাসায় নিয়ে ধর্ষণ করে দুই ধর্ষক।

ওসি বলেন, কিশোরীদের ওই বাসায় নিয়ে গিয়ে দুই যুবক ধর্ষণ করে ভোরবেলা পালিয়ে যায়। সকালে তিন কিশোরী বাসায় ফিরে পরিবারকে ঘটনা জানালে খুলশী থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে যে বাসায় কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছিল, সেখান হতে ৩০ জুলাই বাড়ির দারোয়ান ওমর ফারুককে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই ধর্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান ওসি প্রনব চৌধুরী।

গ্রেফতার দুই ধর্ষক হলেন, নগরীর সেগুনবাগান এলাকার ৫ নম্বর লেইনের বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন (৩৭) এবং লালখানবাজার তুলা পুকুরপাড় এলাকার বাসিন্দা শাহজাহান সর্দ্দারের ছেলে সোহেল রানা রাজু (২৮)।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর